তানিয়া ইসলাম
জেএফএ অনূর্ধ্ব-১৪ চূড়ান্ত পর্ব ২০২৬-এর ফাইনালে টাঙ্গাইলকে টাইব্রেকারে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় শিরোপার লড়াই। সেখানেই রংপুরের গোলরক্ষক সুমাইয়ার দুর্দান্ত নৈপুণ্যে জয় নিশ্চিত করে রংপুর।
সোমবার টাঙ্গাইলে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের লড়াই ছিল সমানে সমান। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত সময় শেষে ০–০ সমতায় ম্যাচ শেষ হলে টাইব্রেকারে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন।
টাইব্রেকারে রংপুরের তিনটি শট জালে জড়ালেও টাঙ্গাইলের কোনো শট গোল হয়নি। ফলে ৩–০ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে রংপুরের কিশোরীরা।
রংপুরের গোলপোস্টের নিচে দুর্দান্ত পারফরম্যান্স করেন সুমাইয়া। গুরুত্বপূর্ণ মুহূর্তে একাধিকবার দলকে রক্ষা করার পাশাপাশি টাইব্রেকারেও অসাধারণ দক্ষতা দেখান তিনি। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলরক্ষক—দুটি পুরস্কারই ওঠে তার হাতে।
টুর্নামেন্টে ব্যাটন হাতে গোলের ধারাবাহিকতা ধরে রাখেন রংপুরের অনন্যা। ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন তিনি।
এদিকে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের মিম। আর Best Valuable Player (MVP) নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটির ৭ নম্বর জার্সিধারী থুইকারিমা মারমা।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহাফুজা আক্তার কিরন। উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সংসদ সদস্য, টাঙ্গাইল-৫ (সদর) আসন।
শিরোপা জয়ের মধ্য দিয়ে জেএফএ অনূর্ধ্ব-১৪ চূড়ান্ত পর্ব ২০২৬-এর আসর শেষ করল রংপুর। টাইব্রেকারের স্নায়ুচাপ সামলে টাঙ্গাইলকে হারিয়ে রংপুরের কিশোরীদের এই সাফল্য আসরের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল।