শাহজালাল হোসেন
প্রধান আসামি ফজলুল হক বাচ্চু।
সখিপুরে সাংবাদিক নজরুল ইসলাম নাহিদের ওপর হামলা ও চাঁদা দাবির মামলার প্রধান আসামি ফজলুল হক বাচ্চুকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
রবিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাংবাদিকের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক বাচ্চুকে র্যাব-১৪ -এর টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সখিপুরে জমি কেনার পর থেকেই ফজলুল হক বাচ্চু সাংবাদিক নজরুল ইসলাম নাহিদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১২ জুলাই তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় সাংবাদিক নাহিদ বাদী হয়ে সখিপুর থানায় মামলা দায়ের করেন।
এর আগে, গত ১৯ জুলাই সখিপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক নজরুল ইসলাম নাহিদ অভিযোগ করেন, চাঁদার টাকা না দেওয়ায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হামলার শিকার হতে হয়েছে। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
সংবাদ সম্মেলনের এক সপ্তাহের মাথায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করল র্যাব-১৪। এখন তাকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।