মোঃ আব্দুল রহমানঃ
কেরানীগঞ্জে বাল্যবিয়ে আয়োজন ও সহযোগিতার অভিযোগে বর, মেয়ের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় মেয়ের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিয়ের সঙ্গে জড়িত কাজীকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শাক্তা ইউনিয়নের রামেরকান্দা গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বর ফরহাদ (১৯), মেয়ের বাবা আজিজুল হক (৪০) এবং ঘটক হাসান। ভ্রাম্যমাণ আদালত ফরহাদকে এক মাসের কারাদণ্ড এবং আজিজুল হক ও হাসানকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। এছাড়া মেয়ের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেয়ের বাবা আজিজুল হক বলেন, তার ১১ বছর বয়সি মেয়েকে ছেলের পরিবারের সদস্যরা জোর করে বিয়ের আয়োজন করেছেন। এ বিষয়ে বিচার চাইতে গিয়ে উল্টো তাকেই আসামি হতে হয়েছে।
তবে ছেলের পক্ষের দাবি, মেয়ের পরিবারের সম্মতিতেই দুই পরিবারের মধ্যে সমঝোতার ভিত্তিতে বিয়ে হয়েছিল। তাদের অভিযোগ, তৃতীয় একটি পক্ষ মাদকদ্রব্য দাবি করেছিল। তা না দেওয়ায় ওই পক্ষ সমস্যাটি তৈরি করেছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বলেন, বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বিষয়টি জানার পর সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিয়ে আয়োজন ও সহযোগিতার দায়ে বর, মেয়ের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কাজীকেও আটকের চেষ্টা চলছে।