দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, শহীদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা, পুলিশ সুপার জেদান আল মুসার নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের নেতৃত্বে জেলা পরিষদের প্রতিনিধিরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা এবং বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।