নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চকমন্থপুর (বড় পুকুর) গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক পরিবারকে জিম্মি করে রাখা, মারধর এবং প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আজাহার আলী শেখ বাদী হয়ে নন্দীগ্রাম থানা এবং বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত আসামিদের তালিকা:
অভিযোগপত্রে উল্লিখিত অভিযুক্ত ব্যক্তিরা হলেন—
১. মো. জাকারিয়া (যিনি নন্দীগ্রামে পুলিশ ও বিএনপি বহিষ্কৃত নেতা হিসেবে পরিচিত), পিতা- মো. আইয়ুব আলী, সাং- চকমন্থপুর (বড় পুকুর), ডাকঘর- ধুন্দার, থানা- নন্দীগ্রাম, জেলা- বগুড়া।
২. সামেচ, পিতা- মৃত কছিম উদ্দিন, সাং- তুলাশন, ডাকঘর- ধুন্দার, থানা- নন্দীগ্রাম, জেলা- বগুড়া।
৩. আব্দুর রশিদ, পিতা- মৃত আব্দুস সামাদ, সাং- চকরত্রেশ্বর, ডাকঘর- ধুন্দার, থানা- নন্দীগ্রাম, জেলা- বগুড়া।
৪. মো. আব্দুর রহমান, পিতা- মো. আব্দুল মান্নান, সাং- পালিহালি উত্তর পাড়া, ডাকঘর- গোহাইল, থানা- শাহজাহানপুর, জেলা- বগুড়া।
৫. মো. রব্বানী, পিতা- মৃত আব্দুস সামাদ, সাং- চকরত্রেশ্বর, ডাকঘর- ধুন্দার, থানা- নন্দীগ্রাম, জেলা- বগুড়া।
৬. মো. সৈকত, পিতা- মো. রব্বানী, সাং- চকরত্রেশ্বর, ডাকঘর- ধুন্দার, থানা- নন্দীগ্রাম, জেলা- বগুড়া।
৭. মো. আনোয়ার, পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- চকরত্রেশ্বর, ডাকঘর- ধুন্দার, থানা- নন্দীগ্রাম, জেলা- বগুড়া।
ঘটনার বিবরণ:
অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি ও ১৯/২০০৩ সালের একটি বণ্টন মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সাথে ভুক্তভোগী আজাহার আলীর বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট ২০২৬ তারিখে সকালে আজাহার আলী গোসলখানায় গেলে আসামিরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তাঁর দুই ছেলে মো. জহুরুল ও মো. জুয়েল বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালিয়ে জখম করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর প্রতিপক্ষের লোকজন তাঁর স্ত্রী ও দুই ছেলেকে ঘরে জিম্মি করে রাখে এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এছাড়া বড় ছেলে জহুরুলের নিকট থেকে আলু বিক্রির ১ লক্ষ টাকা নিয়েও আসামিরা তা অস্বীকার করছে এবং উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে।
বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগীর পরিবার। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী মো. আজাহার আলী।