1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

আমার কাছে সিনেমা সবচেয়ে পবিত্র জায়গা: পপি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

বিনোদন ডেস্ক :

সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেন, জীবনের বাকি সময়টা তিনি ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান। আল্লাহ-খোদার নাম নিতে চান। যতটা পাপ কামিয়েছেন, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চান। এ মন্তব্যের জেরে নেটিজেনদের একাংশের তোপের মুখে পপি। শিল্পীদের অনেকে তার সমালোচনায় মুখর।

চারদিকে আলোচনা সমালোচনা শুরু হলে পপি দাবি করেন, তিনি চলচ্চিত্রকে ছোট করে কোনো কথা বলেননি। তাঁর বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘আমি কেন এ ধরনের কথা বলব? সিনেমাকে কখনও পাপ বলিনি। এটা আমার পেশা। জীবিকার তাগিদে সিনেমায় কাজ করেছি৷ আমার উপার্জিত অর্থে পরিবার চলেছে। তবে এটা ঠিক কিছু অমানুষকে লালনপালন করেছি। নিজের জন্য কিছু না করে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। সেটা আমার জন্য পাপ ছিল। কথাটি এই অর্থে বলেছিলাম। পরিবারের প্রতি ক্ষোভ থেকে কথাগুলো যেভাবে বলেছিলাম সেভাবে গণমাধ্যমে আসেনি। সম্পূর্ণ ভিন্নভাবে ভাইরাল করেছে। ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র একটি জায়গা। এই পবিত্র জায়গা থেকে টাকা উপার্জন করে পরিবার চালিয়েছি। সেই জায়গাকে কখনও ছোট করতে পারব না। বরং সবসময় ফিল্ম সম্মানের চোখেই দেখি।’

বহু ত্যাগের বিনিময়ে একজন শিল্পী তৈরি হন উল্লেখ করে তিনি বলেন, ‘শিল্পীকে সবারই সম্মান দেওয়া উচিত। আমরা দর্শকদের জন্য কাজ করেছি। আমাকে নিয়ে দুই লাইন লেখার আগে চিন্তা করা দরকার ছিল আসলে আমি কেমন। সেই জায়গা থেকে এতটুকু সম্মান পেতে পারি না? এখন সিনেমায় কাজ করি না ঠিক আছে তার মানে আমাকে নিয়ে যা তা বলা ঠিক হবে না। আমি তো জঙ্গলে বসবাস করছি না। একটা পরিবারে বসবাস করছি। ফিল্ম থেকে চলে গেলেই সম্মান চলে যাবে? এত বছর যা অর্জন করেছি তা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যেভাবে কটাক্ষ করে কথাগুলো ছড়ানো হয়েছে তা এভাবে বলিনি।’

পপি আরও জানান, দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র থেকে অনেক কিছু পেয়েছেন। ইন্ডাস্ট্রির মানুষের অবদান তিনি কখনোই ভুলবেন না। তাঁর আজকের অবস্থানের পেছনে চলচ্চিত্রের প্রতিটি মানুষের অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ আমার যা কিছু হয়েছে ফিল্ম থেকেই হয়েছে। যতটা সময় ফিল্মের মানুষদের সঙ্গে ছিলাম তা পরিবারের সঙ্গেও থাকিনি। তাদের কীভাবে অস্বীকার করব? প্রায় তিন দশক ফিল্মে দিয়েছি। ফিল্ম ভালো না বাসলে, সম্মান না করলে তো কাজ করতে পারতাম না। ফিল্ম আমার কাছে শ্রদ্ধা ও সম্মানের জায়গা। ফিল্মের মানুষজন সবসময়ই আমার কাছে প্রিয়। ফিল্ম থেকে সবসময় নিয়েছি, কখনও কিছু দিতে পারিনি। যারা আমার কথা ভুলভাবে ছড়িয়েছে তাদের অনুরোধ করব- এগুলো থেকে বিরত থাকুন। আমাকে নিয়ে যে সব কথা ছড়ানো হয়েছে তা সত্যিই দুঃখজনক। আমি স্বামী ও সন্তান নিয়ে ভালো আছি। আমাকে ভালোভাবে থাকতে দিন। শিল্পীদের সম্মান করতে শিখুন।’

বর্তমানে সংসার এবং ধর্ম পালনে ব্যস্ত থাকেন পপি। আগে শুটিংয়ের কারণে কাজা নামাজ পড়তে হলেও এখন তিনি সময়মতো নিয়মিত নামাজ-রোজা পালন করছেন। এতে পাপের কিছু দেখছেন না। অভিনেত্রীর ভাষ্য, ‘পাপ বলতে মানুষ কী বোঝাতে চায়? শিক্ষিত মানুষ কখনও শিল্পীদের ছোট করতে পারে না।’

ভক্ত ও সহকর্মীদের উদ্দেশ্যে পপি বলেন, ‘ভুল মানুষদের ব্যাখ্যা শুনে আমাকে ভুল বুঝবেন না। আমি কখনোই ফিল্মের মানুষদের খারাপ বলতে পারব না। যেখানে আমি বেড়ে উঠেছি, সবচেয়ে সুন্দর সময় পার করেছি- সেই জায়গা নিয়ে কেন খারাপ মন্তব্য করব? এমন কথা বলার প্রশ্নই উঠে না। মৃত্যুর আগ পর্যন্ত ফিল্মের মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটা বাজে শব্দ বের হবে না। আমি যতদিন কাজ করেছি সম্মানের সঙ্গে মানুষের ভালোবাসা নিয়েই কাজ করেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..