মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কয়েকটি এলাকার মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে উন্নয়নকাজের ফলক উন্মোচন করে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় তরা থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার সড়কে ইউনি ব্লক স্থাপন করা হবে। পাশাপাশি গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত ১ হাজার মিটার সড়কের রক্ষণাবেক্ষণ করা হবে। তিনটি সড়কের মোট দৈর্ঘ্য ৪ হাজার ১৮০ মিটার।
উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে জেলার সব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
সড়কগুলোর উন্নয়নকাজ যথাসময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার ও অ্যাডভোকেট আজাদ হোসেন খান, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল এবং এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।