1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে মহাসড়কে তিন চাকার যান বন্ধে কঠোর প্রশাসন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনা কমানো ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে মানিকগঞ্জের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে অটোরিকশাসহ তিন চাকার যান চলাচল বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে রুট পারমিট ছাড়া যানবাহন চলাচল, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং হেলপারদের দিয়ে গাড়ি চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয়বিষয়ক মতবিনিময় সভায় এসব বিষয় তুলে ধরা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
সভায় জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে হবে। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ, যানবাহনের রুট পারমিট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে হেলপারদের দিয়ে গাড়ি চালানো বন্ধেও গুরুত্ব দিতে হবে।
সড়কের ত্রুটি ও দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য সড়ক ও জনপথ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং বিআরটিএর ঢাকা কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোবারক হোসেন।
এ ছাড়া বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, আইন প্রয়োগ জোরদার এবং ঝুঁকিপূর্ণ সড়ক দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এসব পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমানোর প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..