1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে দুই যাত্রী নিহত, আহত ৩

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮) ও একই গ্রামের সাহানের ছেলে ইয়াসিন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মৌহালী গ্রাম থেকে বরংগাইল হাটের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অপর যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হন। আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে হাইওয়ে পুলিশ ও শিবালয় থানা-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত সেলফি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..