ক্রীড়া ডেস্ক :
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়ার ইনিংস।
শুরুতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে মাত্র ১৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস ৭ বলে ৮ রান করে ফিরে যান। এরপর দ্বিতীয় উইকেটে দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি দলের হাল ধরেন। দিলারা ৩১ বলে ২৭ রান করে আউট হন। অধিনায়ক নিগার সুলতানাও মাত্র ১০ রান করে ফিরে যান। তবে সোবহানার ব্যাটে ভর করে বাংলাদেশ ভালো অবস্থানে পৌঁছায়। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা। শেষদিকে স্বর্ণা আক্তারের ১৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসে ১২৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ইন্দোনেশিয়ার নি আরিয়ানি ৩টি ও নি লুহ ২টি উইকেট নেন।
১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চরম চাপে পড়ে ইন্দোনেশিয়া। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে রান তোলার গতি বাড়ানোর সুযোগ না পেয়ে ৫৮ রানেই থেমে যায় তাদের ইনিংস। এই দাপুটে জয়ের ফলে এশিয়া কাপে দারুণ আত্মবিশ্বাসী শুরু হলো নিগার সুলতানার দলের।