নেত্রকোনায় জেলা প্রতিনিধি,
নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার
নেত্রকোনা শহরের সমাজসেবা অধিদফতরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ভবনের চতুর্থ তলায় লিফটটি আটকে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে তারা ওই ভবনে গিয়েছিলেন।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খানে আলম খান জানান, খবর পেয়ে তার নেতৃত্বে আট সদস্যের একটি দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সাত শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনা হয়। সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়।
খানে আলম খান আরও বলেন, লিফটের যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটে। আটকে পড়া শিক্ষার্থীদের কেউ আহত হননি।