ক্রীড়া ডেস্ক :
মিচেল স্টার্ক।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে নামার আগে ব্যক্তিগত একাধিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মিচেল স্টার্ক। আর মাত্র দুই উইকেট পেলেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের কিংবদন্তি কপিল দেবকে পেছনে ফেলে দেবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই পেসার।
বর্তমানে স্টার্কের টেস্ট উইকেট সংখ্যা ৪৩৩। অন্যদিকে সাবেক ভারতীয় অধিনায়ক কপিল দেবের উইকেট ৪৩৪টি। ফলে একটি উইকেট পেলেই কপিলের পাশে বসবেন তিনি, আর দুই উইকেট পেলেই ছাড়িয়ে যাবেন বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডারকে।
এরপর স্টার্কের সামনে থাকবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনের ৪৩৯ উইকেটের রেকর্ড। সেটি পেরোতে পারলে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় সেরা দশে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হবে তার। তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে খুব বেশি ভাবছেন না ৩৬ বছর বয়সী স্টার্ক। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার দলীয় সাফল্য, বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখা।
নিজের মাইলফলক নিয়ে স্টার্ক বলেন, ‘এটি দেখায় আমি দীর্ঘ সময় ধরে খেলছি। যাদের সঙ্গে আমার নাম আসছে, তারা সবাই কিংবদন্তি। এটি অবশ্যই সম্মানের বিষয়। তবে এখনো খেলা চালিয়ে যাচ্ছি, তাই সামনে থাকা ম্যাচগুলোতেই মনোযোগ দিতে চাই।’
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছেন স্টার্ক। আট ম্যাচে ৪৬ উইকেট নিয়ে এখন পর্যন্ত এই চক্রের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। সর্বশেষ অ্যাশেজ সিরিজেও দুই দলের মধ্যে সর্বোচ্চ ৩১ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।
বাংলাদেশ সিরিজের পর অস্ট্রেলিয়ার সামনে রয়েছে ব্যস্ত সূচি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্ট এবং বছরের শেষ দিকে ভারতের বিপক্ষে বহুল আলোচিত বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলবে তারা।
স্টার্ক বলেন, দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে নিয়মিত শেখা ও নিজেকে পরিবর্তনের মানসিকতা থাকতে হয়। বোলিংয়ে ওয়াবল সিম, ধারাবাহিকতা বাড়ানোসহ বেশ কিছু নতুন কৌশল নিয়েও কাজ করছেন তিনি।
বয়স বাড়লেও পারফরম্যান্সে তার ছাপ পড়েনি বলে মনে করেন স্টার্ক। অভিজ্ঞতার সঙ্গে নতুন কৌশল যোগ করে নিজেকে আরও কার্যকর করে তুলছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ তাই শুধু দলের জন্য নয়, স্টার্কের ক্যারিয়ারেও বিশেষ এক অধ্যায়ের সূচনা করতে পারে।