মোঃ সাগর
আলীকদমে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দেশটির ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৯ আগস্ট) রাতে আটক ব্যক্তিদের আলীকদম থানায় হস্তান্তর করে বিজিবি। আলীকদম ৫৭-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার মিয়ানমারের ১৪ নাগরিক স্বেচ্ছায় আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে বিজিবি তাদের নিজ হেফাজতে নিয়ে ক্রিলাইপাড়া চেকপোস্ট থেকে ব্যাটালিয়ন সদরে নিয়ে যায়।
আলীকদম ৫৭-বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছেন। তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। তারা বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
বিজিবি জানায়- অবৈধ অনুপ্রবেশ আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ওই ১৪ নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।