ঝিনুক ইসলাম বাসাইল
টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট আহমেদ আজম খান।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, “শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে একটি জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। তারা দেশাত্মবোধক ও বিভিন্ন অনুপ্রেরণামূলক গান পরিবেশন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। বিশেষভাবে মন্ত্রীকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের পরিবেশিত গান অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।