ভালুকা উপজেলা প্রতিনিধি,
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকা ভালুকায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এ দায়িত্ব অর্পণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে যে দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে, তা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। দেশের জনগণের কল্যাণ এবং রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রমকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করতে ভূমিকা রাখাই হবে আমার অন্যতম লক্ষ্য।”
ফখরউদ্দিন আহমেদ বাচ্চু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি। নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে ভালুকাসহ দেশের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তিনি।
এদিকে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ভালুকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বের মাধ্যমে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু জাতীয় পর্যায়ে ভালুকার মানুষের স্বার্থ ও প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি জনপ্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন।