1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ভেজাল সার-কীটনাশক তৈরি, ব্যবসায়ীকে জরিমানা নেত্রকোনায়

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৪

নেত্রকোনা জেলা প্রতিনিধি,

নেত্রকোনার কেন্দুয়ায় ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার, কীটনাশক তৈরির কাঁচামাল ও তৈরির সরঞ্জামাদি জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়

শুক্রবার (৩১ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাইকুরা ইউনিয়নের মিরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, থানা পুলিশের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেজাল সার ও কীটনাশক তৈরির গোপন সংবাদে মিরের বাজার এলাকায় আকাইদ হোসাইন নামে এক ব্যবসায়ীর দুটি গুদামে তল্লাশি চালায় প্রশাসন। অভিযানে দুটি গুদাম থেকে প্রায় ২০০ বস্তা সার তৈরির কাঁচামাল, এসব তৈরির সরঞ্জামাদি ও ১০ বস্তা নকল কীটনাশক উদ্ধার করা হয়। পরে জব্দকৃত এসব ভেজাল পণ্য ও কাঁচামাল ধ্বংস করা হয়।

এ ঘটনায় বালাইনাশক আইনে ব্যবসায়ী মো. আকাইদ হোসাইনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানায়, আকাইদ অনুমোদিত বালাইনাশক ডিলার হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেছেন, কৃষি, কৃষক ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..