ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
আজ ১৯ নভেম্বর সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত পল্লী শক্তি সমাজ কল্যাণ সংস্থা ও ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের সৌজন্যে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে।
বিএনপির সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ মিয়ার ভৈরবের নিজ বাড়িতে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড ও পল্লী শক্তি সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ ছাবির উদ্দিন রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ও অভিজ্ঞ ডাক্তার সাজ্জাদ হোসেন, তার মমতাময়ী মা, তার আদরের ছোট ভাই মোক্তার আকতার এবং সরকার অ্যাসোসিয়েট এর পরিচালক উম্মে জান্নাত। এছাড়া প্রধান উদ্বোধক আসাদুজ্জামান আসাদ সাহেবের সিনিয়র সহকর্মী, বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুজ্জামান আসাদ বলেন, স্বাস্থ্য সেবায় পল্লী শক্তি সমাজ কল্যাণ সংস্থা ও ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড এগিয়ে রয়েছে। তারা যাতে সাত ইউনিয়নের মধ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রমটি সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এজন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান ছাবির উদ্দিন রাজু বলেন, আসাদুজ্জামান আসাদ একজন বড় মাপের মানবিক নেতা, যার মাধ্যমে ভৈরবে অনেক উন্নয়ন হয়েছে। তিনি স্বাস্থ্য খাতে অনেক অবদান রেখেছেন এবং আগামী দিনেও আরও ভালো অবদান রাখবেন। পল্লী শক্তি সমাজ কল্যাণ সংস্থা ও ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশাবাদ ব্যক্ত করায় কোম্পানির পক্ষ থেকে তিনি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সিরিয়াল মেইনটেইন করে রোগী সেবা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।