1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স: পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে শপথ পাঠ করালেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত
৪১

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

মাদক শুধু একজন মানুষের জীবনকেই বিপর্যস্ত করে না; এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যও মারাত্মক হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়নভিত্তিক মাদক প্রতিরোধ বিষয়ক বিশেষ মতবিনিময় সভা।
সকাল ১০টায় কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে উপস্থিত জনসাধারণকে শপথ পাঠ করান এবং মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, “কুলিয়ারচর উপজেলায় দুটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে পর্যায়ক্রমে মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হবে। আমরা এ এলাকায় আর মাদক দেখতে চাই না। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রয়োজন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদকসেবী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনবেন।”

 

এ সময় উপস্থিত এলাকাবাসী প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সঙ্গে মাদকবিরোধী শপথে অংশ নেন। শপথে তারা অঙ্গীকার করেন; জীবনের কোনো পর্যায়ে মাদকের সঙ্গে সম্পৃক্ত হবেন না, নিজে মাদক সেবন করবেন না, পরিবারের কাউকেও মাদক গ্রহণ করতে দেবেন না এবং সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মাদক প্রতিরোধে কাজ করবেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন।

 

শপথে আরও উচ্চারিত হয়; “মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাআল্লাহ। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।”বাংলাদেশ সংবাদ

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মাদকের ভয়াবহ সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “মাদক একটি পরিবারের সুখ-শান্তি ধ্বংস করে দেয়। এটি মা-বাবার দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশাকে ভেঙে চুরমার করে দেয়। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সমাজে নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে।”

তিনি আরও বলেন, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের পেছনে মাদকের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। মাদকাসক্তি যুবসমাজকে কর্মবিমুখ ও হতাশাগ্রস্ত করে তোলে, যা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বড় অন্তরায়।

 

পুলিশ সুপার দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, “মাদকের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। এ ক্ষেত্রে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

 

সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি আধুনিক, নিরাপদ এবং সমৃদ্ধ কুলিয়ারচর গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে এই জনসচেতনতামূলক উদ্যোগ কুলিয়ারচরে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তনের সূচনা করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..