, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার নড়াইল ইউনিয়নের গোপিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাহাদুর নামে এক ব্যক্তি হালুয়াঘাট থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) বাহাদুরের বসতবাড়ির উত্তর-পূর্ব পাশে থাকা পুকুরে কয়েকজন ব্যক্তি বিষ প্রয়োগ করেন। এ সময় তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে পান। পরে ডাক-চিৎকার করলে উমর ফারুকসহ অভিযুক্ত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাহাদুরের দাবি, বিষ প্রয়োগের ফলে তার পুকুরের আনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যের মাছ মারা গেছে।
অভিযোগে বলা হয়, পুকুরের মাছ বিক্রির টাকা পাওনা নিয়ে মো. ছাবেদ আলীর সঙ্গে মো. উমর ফারুকের বিরোধ চলছিল। এরই জেরে গত ২৫ আগস্ট গোপিনগর এলাকায় একটি মুদি দোকানের পাশে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ক্ষতি করার পরিকল্পনা করেন বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগের বিষয়ে উমর ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/এসএস