আন্তর্জাতিক ডেস্ক :
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুতের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র চুক্তি করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মধ্যে আলোচনার মাধ্যমে এ চুক্তি হয়েছে। তিনি এটিকে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি’ হিসেবে উল্লেখ করেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রায় নয় মাস পর ট্রাম্পের এই ঘোষণা আসে। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক-সন্ত্রাসবাদ ও মাদক পাচারের অভিযোগ রয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়। দেশটিতে আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যা বিশ্বের মোট মজুতের প্রায় ১৭ শতাংশ। তবে অবকাঠামোগত দুরবস্থার কারণে দেশটি বর্তমানে বিশ্বে মোট তেল উৎপাদনের মাত্র প্রায় ১ শতাংশ উৎপাদন করে।