1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

রাজধানীতে মশার কয়েল কিনে ফেরার পথে কলেজশিক্ষার্থীকে গুলি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৪

মোঃ বেলাল হোসেন
প্রতীকী ছবি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজশিক্ষার্থী আহত হয়েছেন। তিনি মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (২৭ জুলাই) রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত করিমের বাবা রফিকুল ইসলাম জানান, রাতের দিকে তিনি ছেলেকে মশার কয়েল কিনতে পাঠান। করিম গলির একটি দোকান থেকে কয়েল কেনার পর বন্ধু তুহিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে একাই বাসায় ফিরছিল। পথে মানিকদির ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি ভবনের সামনে পৌঁছালে অন্ধকার থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে করিমের দুই পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রফিকুল ইসলাম আরও জানান, ঢাকা মেডিক্যালে অস্ত্রোপচারের মাধ্যমে করিমের ডান পা থেকে একটি গুলি বের করা হয়। অন্যদিকে বাম পায়ে লাগা গুলিটি ঘটনাস্থলেই শরীর ভেদ করে বেরিয়ে যায়। চিকিৎসা শেষে রাতেই তাকে বাসায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, কারা এ হামলা চালিয়েছে বা কেন গুলি করেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। করিমের সঙ্গে এলাকার কারও কোনো বিরোধও ছিল না।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..