মোঃ বেলাল হোসেন
প্রতীকী ছবি
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সামনে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে। পরে সকাল সোয়া ১০টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লিটন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এসএম হলের সামনের ফুটপাতে দীর্ঘ সময় ধরে এক নারী অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। ঘটনাস্থল ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে বা পথবাসী ছিলেন। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআই লিটন আলী আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বায়োমেট্রিক তথ্য, আঙুলের ছাপ ও অন্যান্য প্রযুক্তিগত উপায়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।