মোঃ বেলাল হোসেন
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসে হারিয়ে যাওয়া এক শিশুকে তাৎক্ষণিক তৎপরতায় উদ্ধার করে তার অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করেছেন ডিএমপি আনসার সদস্যরা। তাদের দ্রুত, দায়িত্বশীল ও মানবিক উদ্যোগে একটি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।
২ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১০:৩০টায় চিকিৎসার জন্য হাসপাতালে আসা জুনায়েদ হোসেন (১০) নামে এক শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের জানানো হলে তারা বিলম্ব না করে হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন পিসি মো. ইসমাইল উদ্দিন (আইডি: ৫৬২৩৫)। তাঁর সঙ্গে ছিলেন এপিসি মো. নাজমুল হাসান (আইডি: ০১২২৪) এবং আনসার সদস্য মো. মামুন খাঁন (আইডি: ৭৫৪৪)। তাদের সমন্বিত প্রচেষ্টায়
হাসপাতালের আউটডোর এলাকা থেকে শিশুটিকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।পরে শিশুটির পরিচয় নিশ্চিত করে তার মা রুনা খানম ও পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।উদ্ধার হওয়া শিশুর নাম জুনায়েদ হোসেন। তার পিতা জাকির হোসেন এবং মাতা রুনা খানম। শিশুটির বয়স ১০ বছর। তাদের গ্রামের বাড়ি বাসাবাড়িয়া, ডাকঘর: মনোহরপুর, উপজেলা: কচুয়া, জেলা: চাঁদপুর।
হারিয়ে যাওয়া শিশুকে অল্প সময়ের মধ্যে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় উপস্থিত রোগী, স্বজন ও হাসপাতালের অন্যান্য দর্শনার্থীরা ডিএমপি আনসার সদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। তাদের এমন দায়িত্বশীল ভূমিকা জননিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের নিষ্ঠা ও সেবামূলক মনোভাবের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।