লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (২৮আগস্ট) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)’র কঠোর অবস্থানের অংশ হিসেবে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
(২৮ আগস্ট) ভোরে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সিংগীমারী এলাকায় এবং পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীরামপুর নামক এলাকায় অভিযান চালায়।এ সময় অভিযানিক টহলদল চোরাচালান কারীদের ফেলে যাওয়া অবস্থায় ভারতীয় অবৈধ মাদকদ্রব্য এস্কাপ সিরাপ ২৫০ বোতল, ভারতীয় কোবরা আতশবাজি ৮,৪০০ পিস ও ভারতীয় ভিভেল সাবান ৩০ পিস উদ্ধার করে। বিজিবি আরো জানায়, আটককৃত মালামালের সিজার মূল্য সর্বমোট- ৩ লাখ ৫৪ হাজার ১০০ টাকা। উদ্ধারকৃত মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় রাজস্ব রক্ষা, মাদক ও চোরাচালানের বিস্তার রোধ এবং সীমান্তবর্তী জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।