আসাদউজ্জামান,
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে সংগঠনটির উদ্যোগে মেধা বিকাশ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিল মোট ২৮৮ জন শিক্ষার্থী।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষার আয়োজন করা হয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে একযোগে পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।
‘এসো মানবতার হাত বাড়িয়ে সুন্দর সমাজ বিনির্মাণে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা এবং পড়াশোনার পাশাপাশি তাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা।
বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভা অন্বেষণ ও শিক্ষার মানোন্নয়নে উৎসাহিত করতে গত চার বছর ধরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবছরই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন নাজমুল আলম এবং হল সুপারের দায়িত্বে ছিলেন ইউনুস মিয়া। এ সময় ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক পলাশ মল্লিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরীক্ষা আয়োজন ও ব্যবস্থাপনায় সহযোগিতা করে লৌহজং স্টুডেন্ট ব্লাড ব্যাংক।
অভিভাবক ও শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, পাঠ্যবইয়ের বাইরেও মেধা যাচাইয়ের এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করবে। একই সঙ্গে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ এবং তাদের উৎসাহিত করতে বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালিত হলে শিক্ষার্থীদের মেধা বিকাশে তা আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।