মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে স্থানীয় কৃষকদের উদ্যোগে জমজমাট কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে দুর্গাপুর গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন আয়োজক ও অতিথিরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চালা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। চালা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. বিল্টু খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় কৃষকদের উদ্যোগে খেলাটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মজিদ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের আহ্বায়ক মোশাররফ হোসেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বুলবুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার, উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মো. আমজাদ হোসেন এবং হারুকান্দি ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চা ধরে রাখা এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।