জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক
শিক্ষার্থীদের দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ রেখেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলতি বছরে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির ষষ্ঠ সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান।
আবু হাসান ডেইলি বাংলাদেশকে বলেন, গতবছরের প্রক্রিয়াতেই এবার ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। ফলে শিক্ষার্থীদের দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে।
পরবর্তী বছরে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সভায় কোন আলোচনা হয়নি।
তিনি আরো বলেন, এবার ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়নি। তবে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি আবেদনের যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের জিপিএ কিছুটা বেশি চাওয়া হয়েছে। করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার তারিখসহ সংশ্লিষ্ট পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
Leave a Reply