চবি প্রতিনিধি :
‘মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ প্রতিপাদ্যেকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
রোববার (২৭ জুন) চট্টগ্রাম নগরীর আউটডোর স্টেডিয়াম প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক, স্থানীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে দেশীয় প্রজাতির দ্রুত বর্ধনশীল, কাষ্ঠল, ফলজ ও ঔষধি জাতের ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর ড. সেকান্দর চৌধুরী।
তিনি বলেন, সবুজ বৃক্ষ ও নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। আসুন এই মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে দেশকে রক্ষা করি। দেশের পরিবেশকে রক্ষা করি এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। ভবিষ্যৎ বাসযোগ্য পৃথিবী গড়তে পরিকল্পিত বনায়ন ও বৃক্ষরোপণ করে এর পরিচর্যার কোনো বিকল্প নেই।
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু এবং বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মোসাহেব উদ্দিন বখতিয়ার। বৃক্ষরোপণ অভিযান কর্মসূচিতে গাউছিয়া কমিটি বাংলাদেশ, আল-মানাহিল, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক, বিডি ক্লিন রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়া নঈমীয়া রক্তদান সংস্থা, কোদালা রক্তদান সংস্থা, আলোকিত রত্নপুরসহ বিভিন্ন সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
ড. জিনবোধি ভিক্ষু বলেন, প্রকৃত অর্থে মানবজাতির সত্যিকার পরার্থপর বন্ধু হল বৃক্ষ। কাজেই সভ্যতার অগ্রযাত্রার বলি যেন বৃক্ষ না হয় সেদিকে নজর দিতে হবে। গাছ শুধু লাগালে হবে না, এর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও জরুরি। শহর প্রান্তরে গাছের সংখ্যা দিন দিন কমছে এবং নানাবিধ দূষণের ফলে নগরের বাসযোগ্যতা হারাচ্ছে। তাই বাসাবাড়ির আশেপাশে বা উন্মুক্ত খালি জায়গায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, পরিবেশের ভারসাম্য সুরক্ষায় অপ্রয়োজনে ও নির্বিচারে বৃক্ষ নিধন, জলাধার ভরাট, পাহাড় কাটার মতো কাজকে গর্হিত অপরাধ হিসেবে বিবেচনা করে আইনের যথাযথ প্রয়োগ দরকার। এদেশে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ রুপ ধারণ করছে। প্রাকৃতিক দুর্যোগের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর দেশ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হলে তার বিরুপ প্রভাব পড়ে সকল শ্রেণি পেশার মানুষের উপর। এ ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় বৃক্ষ নিধন নিয়ন্ত্রন ও ব্যাপক ভাবে বৃক্ষ রোপন ও নিবিড় পরিচর্যা প্রসার করা।
Leave a Reply