নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন। শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা সিএমএইচে তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র কনসালটেন্ট মেহেদী মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জেয়াদ আল মালুমের ভাগনি আইনজীবী মাকসুদা আক্তার লাইলি বলেন, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি, মামা মারা গেছেন। আমি হাসপাতালের পথে।
গত ২৫ মে রাতে অসুস্থ হয়ে পড়লে জেয়াদ আল মালুমকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২ জুন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
সুপ্রিমকোর্টের আইনজীবী ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির যুগ্মসাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী সোহেল বলেন, কখন ও কোথায় উনার দাফন হবে- সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য জেয়াদ আল মালুম প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। সেই থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আজম ও মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে করা মামলার বিচারে রাষ্ট্রপক্ষে ভূমিকা রাখেন।
Leave a Reply