নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।
বুধরার সকাল পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল বলেন, ইমরান হোসেন (২৫) বেঙ্গল মিটে চাকরি করতেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, ইমরান হোসেন টাঙ্গাইল সদর উপজেলার লাউকাঠি গ্রামের আব্দুল মজিব ভুঁইয়ার ছেলে। তার স্ত্রীর নাম তামান্না। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ইমরান হোসেন মগবাজার এলাকায় থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজারের ওয়্যারলেস মোড়ের আউটার সার্কুলার রোডে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
Leave a Reply