কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ার কর্মহীন কামার শ্রমিকরা খুশিতে আত্মহারা প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী হাতে পেয়ে। করোনার প্রভাব বিস্তার রোধে সারা দেশব্যাপী কঠোর লকডাউনে কর্মহীন রোজগার বঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় মঙ্গলবার দ্বীপের কর্মহীন কামারদের হাতেও পৌঁছেছে ত্রাণ সামগ্রী।
অভাবে দিন কাটাচ্ছে কুতুবদিয়া দ্বীপের কর্মহীন কামার শ্রমিকরা’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যাতে করোনাকালীন চলমান সংকটে কোন মানুষ খাদ্যাভাবের মুখে না পড়ে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে কক্সবাজারের জেলা প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত সজাগ রয়েছে। জেলা প্রশাসক বলেন- ‘আমি ব্যক্তিগতভাবে জেলার প্রতিটি উপজেলার ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করে যাচ্ছি। এমনকি প্রায় প্রতিদিনই কোনো কোনো উপজেলায় সরেজমিন গিয়েও খোঁজ-খবর নিচ্ছি।’
কুতুবদিয়া উপজেলা প্রশাসন গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে কর্মহীন হয়ে পড়া-কামার, নাপিত, পত্রিকার হকার, খাবার হোটেল কর্মচারীসহ শ্রমজীবী ১৫০ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করেছে। তন্মধ্যে সোমবার বিকালে তালিকাভুক্ত ৭৫ জনকে এবং মঙ্গলবার দুপুরে ৭৫ জনকে খাদ্য সামগ্রী ত্রাণের প্যাকেট বিতরণ করেছে। দ্বীপের অন্যান্য পেশাজীবীদের সঙ্গে কর্মহীন কামাররাও খাদ্য সামগ্রীর প্যাকেট হাতে পেয়ে যেন উচ্ছ্বসিত আনন্দে ভাসছেন। প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাউল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ ও এক লিটার ভোজ্য তেল সোয়াবিন।
কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরের জামান চৌধুরী টিপু। এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস প্রমুখ।
ইউএনও জানান, পর্যায়ক্রমে দ্বীপের কর্মকার থেকে শুরু করে সব পেশাজীবীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
Leave a Reply