কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় করোনার টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার থেকে করোনার টিকা দান শুরু হয়েছে। সম্প্রতি কুমিল্লায় বেড়ে গেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। তাই টিকা নিতে ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে।
মঙ্গলবার কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় সিভিল সার্জন কার্যালয় ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মডার্নার টিকা গ্রহণ করেছেন রেজিস্ট্রেশনকারীরা। এদিকে জেলার সব উপজেলায় সিনোফার্মার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকা নিতে পেরে খুশি আফজাল হোসেন। একঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছেন।
আফজাল আফসোস করে জানান, ১৫ দিন আগে করোনা আক্রান্ত হয়ে তার চাচা ফজল হোসেন মারা গেছেন। পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে তিনি টিকা গ্রহণ করেছেন। এখন টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন।
ঝাউতলা এলাকার গৃহবধূ নাজমুন নাহার যুথি টিকা দিয়েছেন। টিকা নেয়ার অনুভূতি জানিয়ে গৃহবধূ যুথি বলেন, কুমিল্লায় সাম্প্রতিককালে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। তাই পরিবারের সদস্যদের করোনা থেকে সুরক্ষিত করতে টিকা দিয়েছি।
মঙ্গলবার গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এ সময় ডিসি মো. কামরুল হাসান ও সিভিল সার্জন মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
কুমিল্লায় সিনোফার্মার ৭৮ হাজার ও মডার্নার ১৩ হাজার টিকাসহ মোট ৯১ হাজার টিকা এসেছে। মডার্নার টিকা সিটি করপোরেশন এলাকায় দেয়া হবে। যারা নিবন্ধনেরর মেসেজ পেয়েছেন তারাই মডার্নার টিকা গ্রহণ করতে পারছেন।
টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন। তবে টিকা নেয়ার পর স্বাস্থ্য বিধি মানতে হবে। আমরা সবাই সচেতন হলে করোনা প্রতিরোধ সম্ভব হবে।
ডিসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, করোনা সংক্রমন ঠেকাতে টিকা গ্রহণ করলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।
কুমিল্লা করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ১০ দিনে কুমিল্লায় ৩ হাজার ৩২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৩ জন।
Leave a Reply