সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিজিএফের ১৭০ কেজি চালসহ সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চাল বিতরণ স্থগিত করে গুদাম সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার (১৬ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজলার নরিনা ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়। এ সময় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি একাধিকবার চাল নিতে গেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার তাকে ধরে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সাইফুল ইসলাম এ ঘটনার সঙ্গে একই ইউনিয়নের হেলাল, কালাম ও হাবিবর নামের তিনজন জড়িত বলে জানান। পরে তার কাছ থেকে ১৭০ কেজি চাল উদ্ধার করা হয়।
খবর পেয়ে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইফুলকে আটক করেন। পরে পরিষদের চালের গুদাম সিলগালা করে সাময়িক চাল বিতরণ স্থগিত করেন। এ ছাড়া আটক সাইফুল এবং চাল ক্রেতা হেলাল, হাবিব ও কালামের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। পরে উপজলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় চাল বিতরণ করা হবে বলে জানান সহকারী কমিশনার মো. মাসুদ হোসেন।
নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বলেন, ‘বাইরে থেকে চাল ব্যবসায়ীরা এসে দুস্থ অসহায় লোকদের কাছ থেকে অল্প টাকায় চালের স্লিপ কেনেন। এর পর তাদের মনোনীত ব্যক্তিদের দিয়ে সেই চাল উত্তোলন করেন। এ ঘটনায় উপজলা প্রশাসনের পক্ষ থেকে একজনকে আটক করা হয়েছে।’
Leave a Reply