নাটোর প্রতিনিধি
নাটোর শ্রমিক ইউনিয়নের অফিসে বসেই মাদক সেবনের সময় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাসহ সাতজনকে হাতেনাতে আটক করেছে র্যাব। এ সময় মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কানাইখালি চালপট্টির শাহাদত আলীর ছেলে সৌরভ, পূর্ব ডাঙ্গাপাড়ার লাল মিয়ার ছেলে কামরুল, হরিশপুর কামারপাড়ার রওশন আলীর ছেলে আকাশ, আল ইমরাজের ছেলে শফিকুল ইসলাম ও হাসান আলীর ছেলে রনি। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে নাটোর শ্রমিক ইউনিয়নের অফিসে মাদক সেবন ও বিক্রি করছিল শ্রমিক নেতা আকরাম। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় আকরাম ও তার ৬ সহযোগীকে আটক করা হয়। পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে তাদের ডোপ টেস্ট করানো হয়। টেস্টে পজিটিভ রিপোর্ট এলে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদকাসক্তরা বিভিন্ন এলাকা থেকে এসে ওই স্থানে মাদক সেবন করে এবং নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয়দের সঙ্গে অসদাচরণ করে।
নাটোর সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply