বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বুধবার সকালে মুক্তি পেয়েছেন। মুক্তির পর তাকে বহনকারী গাড়ি থেকে একটু বের হয়েই উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।
ঢাকার জনপ্রিয় এই নায়িকাকে একনজর দেখতে অনেক ভক্ত-অনুরাগী তার বনানীর লেকভিউয়ের বাড়ির সামনে ভিড় করছেন। অপেক্ষার অবসান ঘটিয়ে দুপুর ১টার দিকে বনানীর বাসায় প্রবেশ করেন পরীমনি। এসময় তার হাতে দেখা যায় বিস্কুটের প্যাকেট। বিস্কুট খেতে খেতে গাড়ি থেকে নেমে বাসায় ভেতরে প্রবেশ করেন তিনি। অনেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় পরী বেশ হাস্যোজ্জ্বল ছিলেন। ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন। তবে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে বাড়িতে ঢুকে যান।
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ২০ হাজার টাকা মুচলেকা ও তিন বিবেচনায় পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। তখন তার বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। এরপর ৫ আগস্ট র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন পরীমনি। এ পর্যন্ত তিনি ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।
Leave a Reply