নিজস্ব প্রতিবেদক ;
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কয়েক বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হয়রানি ও নির্মূল করার যে প্রক্রিয়া সরকার শুরু করেছে, তার বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত গড়ে তোলার কার্যকরী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল জানান, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের কয়েকটি জেলার দুর্গাপূজার মণ্ডপে, মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ‘বিএনপি নেতাকর্মীদের ঢালাওভাবে আসামি করে মিথ্যা মামলায়’ গ্রেপ্তার ও হয়রানির নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা নিঃসন্দেহে মানবাধিকারের চরম লঙ্ঘন। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। সভায় এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য ভারত এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট, মসজিদে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়।
বৈঠকে অন্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।
Leave a Reply