নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক – ফাইল ফটো
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বস্ত্রখাতে প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ প্রণোদনার কারণে খাতটি জাতীয় রফতানির ধারাকে করোনার ক্ষতিকর প্রভাবমুক্ত রাখতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী চলমান করোনা বিপর্যয়ের অভিঘাতে বস্ত্রখাতকে রক্ষায় অবদানের জন্য জাতীয় বস্ত্র দিবসে সাতটি সংগঠনকে সম্মাননা জানানো হবে।
বৃহস্পতিবার জাতীয় বস্ত্র দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান
পাটমন্ত্রী বলেন, বস্ত্র শিল্পের ধারাবাহিক উন্নয়ন, আধুনিকায়নের গতি বেগবান এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা লক্ষ্যে ৪ ডিসেম্বর ‘জাতীয় বস্ত্র দিবস’ দেশব্যাপী উদযাপন হবে। এবারের জাতীয় বস্ত্র দিবসের প্রতিপাদ্য ‘বস্ত্রখাতের বিশ্বায়ন; বাংলাদেশের উন্নয়ন’।
তিনি আরো বলেন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন কারিগরি জ্ঞানের সমাবেশ ঘটিয়ে বস্ত্রশিল্পকে বিশ্বায়নের পথে এগিয়ে নিতে মন্ত্রণালয় সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে। বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনকে বড় পরিসরে বাণিজ্যিক রূপদানের জন্য ‘ঢাকাই মসলিন হাউজ’ প্রতিষ্ঠা করা হচ্ছে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো.আব্দুর রউফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত সচিব এস.এম.সেলিম রেজা, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক মো. নুরুজ্জামানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা।
জাতীয় বস্ত্র দিবসে সাতটি সংগঠনকে সম্মাননা দিতে আগামী ৪ ডিসেম্বর রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম উপস্থিত থাকবেন।
Leave a Reply