নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকরা আরো দুই-তিন দিন হাসপাতালে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। দুই-তিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গঠিত মেডিক্যাল বোর্ড বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
বোর্ড প্রধান ও বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদের প্রায় পুরোপুরি সুস্থ আছেন। রক্তচাপ, অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। এবার তার বাসায় ফেরার অপেক্ষা। আশা করছি দু-একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।
এ চিকিৎসক আরো বলেন, ‘বুকে ব্যথা নেই। ডায়াবেটিস, অক্সিজেন সার্কুলেশন এখন স্বাভাবিক রয়েছে। ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে। অনেক গণমাধ্যম নিউজ করেছিল তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এটা সঠিক নয়।’
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) নিয়মিত মেডিকেল চেকআপের জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। ওবায়দুল কাদের এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠিত ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply