নিজস্ব প্রতিবেদক:
মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, বাসায় পুলিশ ডাকলেন স্ত্রী
সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে তিনি ফোন করে জানান, তাকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়। তবে সেখানে তারা মুরাদকে পায়নি। পরে সন্ধ্যায় থানায় গিয়ে মুরাদের বিরুদ্ধে জিডি করেন তার স্ত্রী। রাজধানীর ধানমণ্ডির ১৫ নম্বর সড়কের ৩০/এ ভবনে সপরিবারে থাকতেন মুরাদ হাসান। ভবনটির চার তলায় তার বাসা, আর দ্বিতীয় তলায় অফিস। মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর আগে তার বাসায় নেতাকর্মীদের আনাগোনা ছিল, কিন্তু এখন সুনসান নীরবতা।
সম্প্রাত এক চিত্রনায়িকাকে টেলিফোনে হুমকি আর অশালীন বক্তব্যের ভিডিও ফাঁস হলে গত ডিসেম্বরে প্রতিমন্ত্রীর পদ হারাতে হয় মুরাদ হাসানকে। জামালপুর আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় স্থানীয় এই এমপিকে।
নানা নাটকীয়তার মধ্যে ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন মুরাদ। কিন্তু কানাডায় কিংবা আরব আমিরাতে ঢুকতে না পেরে দুদিন পর তাকে ফের দেশে ফিরতে হয়। এরপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে রয়েছেন।
Leave a Reply