বিনোদন প্রতিবেদক :
দীর্ঘ ও বর্ণাঢ্য সংগীতজীবনকে সঙ্গে নিয়ে এখনও একের পর এক গান উপহার দিচ্ছেন কুমার বিশ্বজিৎ। এই দীর্ঘ সংগীতজীবনে তিনি বাংলাদেশের শ্রোতাদের উপহার দিয়েছেন অনেক অ্যালবামও। এর নেপথ্যে রয়েছে এক আকাশ সমান সিঁড়ি! সেটি থাকে ধীরে ধীরে চড়তে হয়েছে।
কুমার বিশ্বজিতের জীবনের নানা অনুসঙ্গ নিয়ে এবারের বইমেলায় একটি বই বেরোচ্ছে। ‘এবং বিশ্বজিৎ’ নামে বইটির কাজ গত বছরের ৬ জুন থেকে শুরু হয়। সম্প্রতি পাণ্ডুলিপি হাতে পেয়েছেন তিনি।
বইয়ে তার ছোটবেলা, শরণার্থী ক্যাম্পে গান গাওয়া, কৈশোর, বেড়ে ওঠা, গানের প্রতি ভালোবাসা, সংগীতজীবনের চার দশক উঠে আসবে। রয়েছে জীবন সংগ্রামের গল্প। সবমিলিয়ে কুমার বিশ্বজিৎকে নতুনভাবে জানতে পারবেন সবাই।
কুমার বিশ্বজিত বলেন, এক সময় সিনেমায় গান করেছি ৬০০ টাকায়। মাইকে গান গাইতে হতো। হোটেলে থাকার ভাড়া ছিল না। ম্যানেজারের সঙ্গে সখ্য গড়ে বারান্দায় ঘুমিয়েছি। সমসাময়িক অনেক শিল্পীই এ রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বেঁচে থাকতে জীবনের নানা অধ্যায় যদি বলে যেতে পারি, সেটা আমার জন্য পরম পাওয়া।
তিনি বলেন, আমার আত্মজীবনী অনেকেই লিখতে চেয়েছিলেন, কিন্তু জয়ের [জয় শাহরিয়ার] ওপর আস্থা ছিল বলেই তাকে লিখতে সম্মতি দিয়েছি। বইয়ের এক মলাটেই থাকছে জীবনের ডায়েরি।
এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে তার গাওয়া গান ‘মেঘদূত’। এ প্রসঙ্গে তিনি বলেন, গানটি রেকর্ড হয়েছে বেশ কিছুদিন আগে। করোনার কারণে মিউজিক ভিডিওর শুটিং করা সম্ভব হয়নি। ভালোবাসা দিবস সামনে রেখেই এর মিউজিক ভিডিও নির্মাণ করেছি।
Leave a Reply