বিনোদন প্রতিবেদক:
দীর্ঘ বিরতির পর দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় কাজ করেছেন অপু বিশ্বাস। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। গতকাল (১১ ফেব্রুয়ারি) দেশের ২৫টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় সিনেমাটি।
মুক্তির পরেই দর্শকদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু এই আগ্রহের আগেই সিনেমাটির শুটিং এর সময় বাপ্পী চৌধুরী এবং অপু বিশ্বাসের প্রেম নিয়ে বেশ সরব হয়েছিলো ঢালিপাড়া। তাদের বন্ধন দেখে অনেকেই মনে করছিলো প্রেম করছেন এই জুটি।
সে সময় অপু বিশ্বাস এবং বাপ্পী চৌধুরীর কিছু ছবি ছড়িয়েও পরে নেট মাধ্যমে। আর সেসব দেখে নেটাগরিকরা মনেই করে নিয়েছিলো চুটিয়ে প্রেম করছেন তারা। কিন্তু অবশেষে এসবে পানি ঢেলে দিলেন ঢাকাইয়া সিনেমার কুইন খ্যাত নায়িকা।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমা মুক্তির পরেই দেশীয় গণমাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক খোলাসা করেন অপু বিশ্বাস। তিনি বলেন- একজন চিত্রনায়িকা যখন যার সঙ্গেই সিনেমায় অভিনয় করেন, তখন তার সঙ্গেই প্রেমের কথা রটে। এটা নতুন কিছু নয়। তাই বাপ্পীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সেই সময় আমি কিছু বলিনি। কারণ আমি জানি গুঞ্জনের জবাব সময়ই দিয়ে দেয়। আমাদের মধ্যে প্রেম থাকলে এখনো মানুষ তা নিয়ে কথা বলত। আমাদের মধ্যে কোনো প্রেম-টেম ছিলো না, নেইও।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন।
২০০১ সালে রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পায়। তবে পরিচালক সূত্রে জানা গেছে নতুন সিনেমাটি আগেরটির সিক্যুয়েল নয়।
Leave a Reply