নিজস্ব প্রতিবেদক:
ঈদের আগে ব্যাংকের আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শেষ কর্মদিবস। এরপর ঈদের ছুটি। এতে নগদ টাকা তুলতে গ্রাহকরা ভিড় করছেন ব্যাংকে। এছাড়া শিল্পপ্রতিষ্ঠানের বেতন ভাতা দেওয়ার জন্যও ব্যাংকে বড় লেনদেন চলছে। এতে চাপ সামাল দিতে কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা ব্যাংক পাড়ায় সরেজমিনে ঘুরে এবং ব্যাংকারদের সঙ্গে আলাপকালে এমনটিই জানিয়েছেন তারা।
সরকারি-বেসরকারি কয়েকটি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তারা জানান, ঈদের ছুটিতে টানা এক সপ্তাহ বন্ধ থাকবে ব্যাংক। এরপর আগামী ৫ মে বৃহস্পতিবার একদিনের জন্য খোলা থাকলেও পরে শুক্রবার ও শনিবার দুই দিন সরকারি ছুটি। তবে এ সময় এটিএম থেকে টাকা তুলতে পারবে গ্রাহকরা। কিন্তু উৎপাদনমুখি শিল্প প্রতিষ্ঠান অনেকেই এখনো পুরোপুরি বেতন ভাতা দিতে পারেনি। ফলে তাদের অর্থের যোগান দিতে অনেক প্রতিষ্ঠানই টাকা উত্তোলন করছে। তাছাড়া অতীতে এটিএম বুথগুলোতে গ্রাহকদের ভোগান্তির কারণে অনেকেই টাকা উত্তোলন করতে ব্যাংকে ভিড় করছে। এসব কারণে অন্যান্য দিনের তুলনায় ব্যাংকের গ্রাহকদের ভিড় বেশি। বিদ্যমান পরিস্থিতিতে এ ভিড় সামাল দিতেও কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম কাউছার আলম রাইজিংবিডিকে বলেন, ঈদে ব্যাংক বন্ধ থাকবে এজন্য অন্যান্য দিনের চেয়ে গ্রাহকদের চাপ রয়েছে। সাধারণ গ্রাহকের পাশাপাশি রেমিট্যান্স উত্তোলনের জন্যও চাপ রয়েছে। তাই সকাল থেকে অনেক বেশি ভিড় লক্ষ্য করা গেছে। যারা ব্যাংকে আসছে তাদের মধ্যে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলন করা গ্রাহকদের সংখ্যাই বেশি।
ব্যাংকপাড়া ঘুরে দেখা গেছে, অনেক ব্যাংকের ভেতরে গ্রাহকদের জায়গা দেওয়ার মতো স্থান দিতে পারছে না। ফলে গ্রাহকদের লাইন ব্যাংকের বাইরেও চলে এসেছে।
অগ্রণী ব্যাংক লোকাল অফিসের ক্যাশ কাউন্টারের কর্মরত একজন কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, ঈদের আগে আজ লেনদেনের শেষ দিন। একাধিক গ্রাহকদের সঙ্গে আলাপকালে তারা জানান, এটিএম বুথে প্রায় সময়ই টাকা না থাকায় ব্যাংক বন্ধ থাকলে লেনদেন করতে ভোগান্তিতে পড়তে হয়। তাই অধিকাংশ গ্রাহক ব্যাংকের এসেছে টাকা উত্তোলন করতে।
অগ্রণী ব্যাংকে টাকা উত্তোলন করতে লাইনে দাঁড়িয়ে আছেন আকবর হোসেন। তিনি বলেন,পরিবারের খরচ মেটাতে প্রয়োজনের চেয়ে বেশি টাকা উত্তোলন করতে আসছি। টানা ছুটিতে পারিবারিক খরচ বেশি। তাই যে টাকা ব্যাংক থেকে উত্তোলন করা সহজ সেটা তো আর এটিএম বুথ থেকে তুলতে পারবো না।
Leave a Reply