সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে জমিজমা নিয়ে বিরোধে পালক পুত্রের শাবলের আঘাতে দেওয়ান দেলোয়ার দিদার নামে এক বৃদ্ধ বাবা খুন হয়েছেন। এ ঘটনায় ওই ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার কুশুরা ইউপির বান্নল বোচার বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
দেওয়ান দেলোয়ার দিদার ধামরাইয়ের কুশুরা ইউপির বান্নল বোচার বাড়ি এলাকার বাসিন্দা। আটককৃতরা হলেন সোহেল রানা ও তার স্ত্রী সোনিয়া।
নিহতের ভাতিজা জানান, পালক ছেলে চাচার জমিতেই বাড়ি করে পরিবারসহ থাকতো। তবে তাকে কোনো জমি লিখে দেয়া ছিল না। কিছুদিন আগে সে আরেকটা ঘর তোলার জন্য বাড়ির পাশে আরেকটা জমিতে খোঁড়াখুঁড়ি করতে গেলে চাচা তাকে নিষেধ করে। এসব নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল। পরে সবাই মিলে বসে ওই বাড়ির জমিটা সোহেলকে লিখে দিতে বললে চাচা রাজি হয়।
সকালে সোহেল আবার ঘরের কাজ শুরু করে। তবে যেখান থেকে খোঁড়া শুরু করে তাতে চাচার বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যেতো। এজন্য চাচা বাঁধা দেয়। পরে তর্কাতর্কি শুরু হলে একপর্যায়ে সোহেল তার বাবার ঘাড়ে শাবল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক পালক পুত্র ও হত্যায় সহযোগী তার স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply