ঢাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, আমাদের পৃথিবী একটিই। এ পৃথিবীকে বসবাসের যোগ্য করে গড়ে তোলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
রোববার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত র্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টার ও এস্টেট অফিস যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে ধারণ করে এ বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে।
ঢাবি উপাচার্য বলেন, দখল ও দূষণের কারণে রাজধানীর পরিবেশ দিন দিন অসহনীয় হয়ে উঠছে। শুধু ঢাকা নয়, পুরো দেশের বায়ুই দূষণের শিকার। নদীও একই সমস্যায় রয়েছে। বায়ু, মাটি ও পানি– সামগ্রিকভাবে পরিবেশ নিয়ে একটাই পৃথিবী। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে পরিবেশ সুরক্ষায় যার যার অবস্থান থেকে একযোগে কাজ না করলে পরিবেশ আরো খারাপের দিকে যাবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন হলে পরিবেশ ক্লাব গঠন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিক বর্জনে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ ক্যাম্পাসে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।
এ সময় ক্যাম্পাসের সব আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং পরিবেশ সংরক্ষণে শ্রেণিকক্ষ ও আবাসিক হলসহ সর্বক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন করার জন্য উপাচার্য শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলা, টিএসসি হয়ে কার্জন হলে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন- বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা, রেজিস্ট্রার প্রবীর কুমার সাহা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউ সমূহের পরিচালক, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, এস্টেট ম্যানেজার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
Leave a Reply