নিজস্ব প্রতিবেদক::
ফাইল ছবি
রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) করা মানহানি মামলা খারিজ করে দিয়েছে ফিলিপাইনের আদালত।
গত ৩০ জুন ফিলিপাইনের আদালতে রায় ঘোষণার পর বুধবার (১৩ জুলাই) রায়ের কপি বাংলাদেশে ব্যাংকের কাছে পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, রিজার্ভ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের আরসিবিসি’র বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিউ ইয়র্কের আদালতে একটি মামলা করা হয়। এরপর পর আরসিবিসি তাদের দেশের আদালতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানমানির মামলা করেছিল। ৩০ জুন সেই মামলাটি খারিজ করে দিয়েছে দেশটির আদালত। তবে নিউইয়র্কের আদালতে আরসিবিসির বিরুদ্ধে বাংলাদেশ যে মামলা করেছিল, তা চলমান রয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকারা। চুরি যাওয়া অর্থ উদ্ধার করতে ২০১৯ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এরপর একই বছরের মার্চে উল্টো বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করে আরসিবিসি। তাদের অভিযোগ, টাকা আদায় করার জন্য বাংলাদেশ ব্যাংক ষড়যন্ত্র শুরু করেছে।
২০২১ সালের ১৮ অক্টোবর ফিলিপাইনের আদালত আরসিবিসির পক্ষে রায় দিলে বাংলাদেশ পুনর্বিবেচনার আবেদন করে। তারই ধারাবাহিকতায় ৩০ জুন আরসিবিসির মামলা খারিজ করে দেয় দেশটির আদালত।
অন্যদিকে, ২০২২ সালের এপ্রিলে আরসিবিসির বিরুদ্ধে নিউইয়র্কে করা বাংলাদেশের মামলাও খারিজ হয়ে যায়। ওই সময় নিউইয়র্কের সুপ্রিম কোর্ট জানায়, ওই মামলা বিচারের পর্যাপ্ত এখতিয়ার তাদের নেই। পরে বাংলাদেশ ব্যাংক নিউইয়র্কের এখতিয়ারভুক্ত আদালতে মামলা করা হয়েছে। যা চলমান আছে।
Leave a Reply