নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একই পরিবারের ৫ সদস্য নিহতের ঘটনায় চার আসামিকে জামিন দিয়েছে আদালত।
তারা হলেন- হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত ইফসকন বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেন, হেড অব অপারেশন মো. আজহারুল ইসলাম মিঠু, ক্রেন সরবরাহকারী প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা।
সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত ঐ চারজনের জামিন মঞ্জুর করে। এদিন পাঁচ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে শুধু প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম বাদে চারজনের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক চারজনের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আসামি মঞ্জুরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৫ আগস্ট বিকেলে উত্তরার জসিম উদদীন এলাকায় প্যারাডাইস টাওয়ারের সামনে ক্রেন থেকে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত ও দুইজন গুরুতর আহত হন। এ ঘটনার রাতেই নিহতদের স্বজন মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। এরপর ১৭ আগস্ট রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
গত ১৯ আগস্ট ক্রেনচালক মো. আল-আমিন হোসেন ওরফে হৃদয়, রাকিব হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহকে চারদিন করে রিমান্ড দেয় আদালত।
এছাড়া দুর্ঘটনাস্থলে নিরপাত্তার দায়িত্বে নিয়োজিত ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিকম্যান মো. রুবেল, মো. আফরোজ মিয়া, হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত ইফসকন বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেন, হেড অব অপারেশন মো. আজহারুল ইসলাম মিঠু, ক্রেন সরবরাহকারী প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা ও মো. মঞ্জুরুল ইসলামের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
Leave a Reply