নিজস্ব প্রতিবেদক:
হিমালয়চূড়ায় ইতিহাস লিখেছেন বাংলাদেশের মেয়েরা। লাল-সবুজের পতাকা সগৌরবে উড়িয়েছেন নেপালে। এত আনন্দ, উচ্ছ্বাস আর স্বপ্নের মতো দিন এ দেশের মানুষের জন্য খুব কমই এসেছে। যাদের হাত ধরে বিজয়ের উল্লাসে উচ্ছ্বসিত পুরো দেশ, তাদের বরণ করতে প্রস্তুত ছাদখোলা বাস।
অধরা সাফের শিরোপা জিতে স্বপ্নপূরণ করেছেন সবিনা-সানজিদারা। এবার তাদের একটি ছোট্ট স্বপ্ন পূরণ হওয়ার পালা। বুধবার দেশে ফিরে ছাদখোলা বাসেই বিমানবন্দর থেকে চ্যাম্পিয়ন যাত্রা করবে বাংলাদেশ নারী দল।
আজ মঙ্গলবার ছাদখোলা গাড়ি সাজানোর কাজ চলছে বিআরটিসির কমলাপুর ডিপোতে। বাফুফে আর ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলার বাঘিনীদের সেই ছাদখোলা বাসেই অভ্যর্থনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদ খুলে ফেলা হয়েছে। একইসঙ্গে বসার আসনগুলো সরিয়ে ফেলারও কাজ চলছে। মঙ্গলবার রাতের মধ্যে বাসটি প্রস্তুত হয়ে যাবে।
ফাইনালের মঞ্চে নামার আগে সানজিদা ফেসবুকে লেখেন, যারা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই স্বপ্নসারথিদের জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে এক পাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।
আক্ষেপ নিয়েই হয়তো ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছিলেন নারী ফুটবল দলের খেলোয়াড় সানজিদা আখতার। প্রথমবারের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি উঠে চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে সংবর্ধনা দেওয়ার।
নেপাল থেকে সাবিনারা দেশে ফিরবে বুধবার দুপুরে। নেপাল থেকে দুপুরে সোয়া ১২টার ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দিয়ে দুপুর সোয়া ১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের। সেখানেই তাদের জন্য অপেক্ষা করবে ছাদখোলা বাস।
Leave a Reply