নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মহিউদ্দিন নামে এক ব্যবসায়ীকে বেধড়ক লাঠিচার্জ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় স্থানীয় লোকজন ডিবি পুলিশদের অবরুদ্ধ করে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে। এরপর লাঠিচার্জে আহত ব্যবসায়ীকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ফতুল্লার মুসলিমনগর এতিমখানার সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে স্থানীয় লোকজনদের বুঝিয়ে ডিবি পুলিশের এসআই হাসান জামিলকে তার সঙ্গীয় ফোর্সসহ উদ্ধার করেন।
আহত মহিউদ্দিন মুসলিমনগর এলাকার মৃত. হাজী ওয়াজ উদ্দিন মাদবরের ছেলে। তিনি কাপড়ের ব্যবসা করেন।
আহত মহিউদ্দিন জানান, মসজিদ থেকে নামাজ পড়ে বের হতেই একজন লোক লাঠি নিয়ে এসে বেধড়ক পিটাতে থাকে আমাকে। হাতে পায়ে পিঠে লাঠি দিয়ে পেটাচ্ছে। এসময় আমার অপরাধ সম্পর্কে জানতে চাইলে বাম কানে চর দেয়। তখন স্থানীয় লোকজন এগিয়ে আসলে মারধর করা ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। এসময় ওই ব্যক্তির কাছে মারধরের বিষয়ে স্থানীয় লোকজন জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেনি। তখন স্থানীয় লোকজন ডিবি পরিচয়দানকারী ওই ব্যক্তিসহ ৭ জনকে অবরুদ্ধ করে রাখেন।
স্থানীয় লোকজন জানান, পুলিশ এভাবে একজন ব্যক্তিকে পেটাতে পারে না। লাঠি দিয়ে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। এরপরও লাঠিচার্জ থামাচ্ছে না। তখন আশপাশের সকলে গিয়ে ডিবি পুলিশের সকলকে গাড়িসহ অবরুদ্ধ করেন। এরপর থানা পুলিশ আসলে ডিবির সকলকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, একজন ব্যক্তিকে কি কারণে ডিবির এসআই হাসান জামিল লাঠিচার্জ করেছে বিষয়টি জানা নেই। তবে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের শান্ত করে এসআই হাসান জামিল ও তার সঙ্গীয় ফোর্সদের উদ্ধার করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এ বিষয়ে এসআই হাসান জামিলের সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।
Leave a Reply