চট্টগ্রামপ্রতিনিধি:
বাঁশখালীতে অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টের কয়লাবাহী লাইটার জাহাজে ডাকাতেরা হামলা চালিয়ে চার জনকে কুপিয়ে আহত করেছে। লুট করে নিয়ে গেছে টাকা ও জাহাজের ক্রুদের ব্যবহৃত মোবাইল। রবিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে মাছ ধরার একটি নৌকায় চড়ে ৮/৯ সশস্ত্র ডাকাত এভারগ্রিন-৪ নামে লাইটার জাহাজে হামলা চালায়। ঘটনার সময় লাইটার জাহাজটি কুতুবদিয়া চ্যানেলের জলকদর খালের মোহনায় নোঙর করা ছিল।
ডাকাতদের হামলায় আহত হন লাইটার জাহাজের লস্কর আশিকুল ইসলাম, রুম্মন তাজ ও সৌরভ কাজী এবং বাবুর্চি আবুল বশর। আজ সোমবার ভোর রাতে চার জনকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় বাবুর্চি আবুল বাশারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে আহত করেছে ডাকাতেরা।
লাইটার জাহাজ এভারগ্রিন-৪ এর মালিক ক্যাপ্টেন নাজমুল হোসাইন চৌধুরী জানান, ১০ এপ্রিল থেকে বাঁশখালী এসএস পাওয়ার প্ল্যান্টের জন্য বহিনোঙরের মাদার ভেসেল থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা পরিবহন হয়ে আসছে। এক সপ্তাহের মধ্যেই ডাকাতেরা কুতুবদিয়া চ্যানেলের জলকদর খালের মোহনায় নোঙর করা জাহাজে হামলা চালিয়ে ক্রুদের টাকা ও মোবাইল ফোন লুটে নেয় এবং চার জনকে কুপিয়ে আহত করে।
তিনি আরো জানান, ডাকাতদের উৎপাতের কারণে কুতুবদিয়া চ্যানেলটি ভয়ানক হয়ে উঠছে। ডাকাতেরা স্থানীয় বাসিন্দা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
নৌ পুলিশের অতিরিক্ত সুপার মো. খোরশেদ আলম জানান, কুতুবদিয়া চ্যানেলের জলকদর খালের মোহনায় নোঙর করা জাহাজে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে অভিযান চলছে। ওই চ্যানেল নিরাপদ রাখতে নৌ পুলিশ কাজ করছে।
Leave a Reply