নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর উষ্ণ পরিবেশে স্বস্তি ফিরিয়ে আনতে ডিএনসিসির পাড়া-মহল্লায় দুই লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। কেউ যদি গাছ কাটে, আমি তার হাত কেটে দেব।
সোমবার রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে আয়োজিত ডিএনসিসি মেয়রস কাপ টুর্নামেন্ট-২০২৩ এর ভলিবল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, আমরা বুঝতে পারছি যে কী তাপপ্রবাহের মধ্যে আছি। তাই পরিবেশ-পরিস্থিতি অনুকূলে আনতে পাড়া-মহল্লায় আমরা দুই লাখ গাছ লাগাবো। এজন্য নগরবাসীর সাহায্য ও সহযোগিতা চাই। আর নগরের যে খালগুলো দখল হয়ে গেছে, সেগুলোকে উদ্ধার করে পানি প্রবাহ বাড়ানোর চেষ্টা করছি। গাছ ও পানির প্রবাহ- তবেই ন্যাচার বেজ সলিউশনে আমরা নগরকে ঠাণ্ডা রাখতে পারি।
তিনি আরো বলেন, সম্পূর্ণ সিটিকে আমরা কীভাবে আরো বেশি ডিজিটালাইজড করতে পারি। ট্যাক্স অনলাইনে, ট্রেড লাইসেন্স অনলাইনে, রিকশার লাইসেন্স অনলাইনে- এগুলোকে আমরা বেশি ফোকাস করছি যেন জনগণের ভোগান্তি কমে যায়। এজন্য যা যা করা দরকার, সবই করা হবে।
উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠ ও সড়কের চারপাশে দেখিয়ে আতিকুল ইসলাম বলেন, এই গাছগুলো কিন্তু কাটার প্রক্রিয়ায় ছিল। কিন্তু আমি রাস্তা বড় করেছি, গাছ কাটিনি। গাছ না কেটে গাছের মাঝের জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
মেয়র আতিক বলেন, পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। আর যদি কেউ গাছ কাটে, তবে আমি তার হাত কেটে দেব।
Leave a Reply